১১ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা মারা গেছেন। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ১৯৭১ সাল থেকে তিনি বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বাহরাইনি বার্তা সংস্থা বিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে তার মরদেহ দেশে ফিরলেই দাফন সম্পন্ন হবে। তবে করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে সুনির্দিষ্ট সংখ্যক আত্মীয়-স্বজন এতে অংশ নিতে পারবেন।
খলিফার মৃত্যুতে রাষ্ট্রী শোক পালন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রিন্স খলিফা বিতর্কিত ছিলেন বিভিন্ন কারণে। শিয়া সংখ্যাগরিষ্ঠ সুন্নি শাসিত দেশটিতে তার জনপ্রিয়তা ছিল একেবারে তলানিতে।
প্রিন্স খলিফার পদত্যাগ দাবিতে ২০১১ সালে শিয়া-নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা মানামার পার্ল স্কোয়ার মাসখানেক দখল করে রাখেন। পরবর্তীতে সৌদি সমর্থিত নিরাপত্তা বাহিনী তাদের বের করে দেয়।
বাহরাইন/এসকেএম
















Leave a Reply