আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে নৌকাডুবিতে কমপক্ষে ২৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে।
বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন, তারা সাগরপথে নৌকায় করে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। নৌকাটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। গত রোববার নৌকাটি ভেঙে গেলে সেটিকে ওই অবস্থায় রেখে চালক ও কর্মীরা পালিয়ে যান। পরে নৌকাটি ডুবে যায়। অন্য নৌকায় করে কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। আবার কিছু মরদেহ তীরে ভেসে এসেছে।
বেঁচে যাওয়া আরোহীরা আরও বলেছেন, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে পাচারকারীরা তাদের কাছ থেকে জনপ্রতি প্রায় চার হাজার ডলার করে নিয়েছে। রাখাইনের রাজধানী সিত্তের কাছে সাগরে নৌকাটি বড় একটি ঢেউয়ের কবলে পড়েছিল।
উদ্ধারকারী একটি দল বিবিসি বার্মিজকে বলেছে, নৌকাডুবিতে প্রাণ হারানো রোহিঙ্গাদের মধ্যে ১৩ জন নারী এবং ১০ জন পুরুষ।
২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ও নিপীড়নের শিকার হয়। সে সময় প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ ছাড়া যেসব রোহিঙ্গা মিয়ানমারে থেকে গেছে, ২০২১ সালে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তাদের অনেকে ঝুঁকি নিয়ে সাগরপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে।
প্রতিবছরই হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে থাকে। মাছ ধরার নৌকায় গাদাগাদি করে বসে আন্দামান সাগরে দীর্ঘ পথ পাড়ি দেয়াটা সব সময়ই ঝুঁকির। তবে বছরের এ সময়ে ঝোড়ো মৌসুমের কারণে ঝুঁকির মাত্রা অনেক বেশি থাকে।
নৌকাডুবি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply