৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দেশ ও সবার স্বার্থের বিপক্ষে কেউ অবস্থান গ্রহণ করবেন বা তাদের পক্ষে কেউ ওকালতি করবেন এটি কখনও কাম্য নয়।
সোমবার দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণমাধ্যম শিল্পের সবার স্বার্থে আমরা আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের কাজ করছি। যারা দেশের স্বার্থ ও আইন মানে না, তাদের পক্ষে ওকালতি কাম্য নয়।
দেশের সব গণমাধ্যম, শিল্পী-কলাকুশলীকে এ আইনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বলেন, আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের জন্য সব পক্ষের সাথে দুই বছর আগে থেকে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আগস্ট মাসের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে পয়লা অক্টোবর থেকে আমরা এই আইন কার্যকর করবো। কিন্তু এটি নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। আমি আশা করবো এই বিভ্রান্তি ছড়ানো থেকে তারা বিরত থাকবেন। সরকার আইন বাস্তবায়নে বদ্ধপরিকর।
বিদেশি চ্যানেলের পরিবেশক ও ক্যাবল অপারেটরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যে সমস্ত বিদেশি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিড দেয়, আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যরাও যদি এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।
মন্ত্রী বলেন, ক্যাবল অপারেটরসহ সবপক্ষকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, পয়লা নভেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেমকে তারা ডিজিটালাইজ করবে। আশা করবো এই সময়সীমা সবাই অনুসরণ করার চেষ্টা করবেন। আশা করবো সবাই দেশের স্বার্থ এবং আইন মানাকে তুলে ধরবেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন, এটকো সভাপতি অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, ডিবিসি ২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও ডিবিসি২৪ চ্যানেলের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply