যুক্তরাজ্যে ফিরতে শামীমাকে অনুমতি দেয়নি আদালত

২৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমা বেগমকে সিরিয়া থেকে নিজ দেশে ফেরার অনুমতি দেয়নি ব্রিটেনের সুপ্রিমকোর্ট।

শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত এ রায় ঘোষণা করেন। খবর: এএফপি ও বিবিসি।

এর আগে নাগরিকত্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবেলায় ব্রিটেনে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শামীমা।

তার দাবি, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। এতে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন। এবং তার মৃত্যুর ঝুঁকি রয়েছে।

সিরিয়ায় আইএসে যোগ দেয়ায় বছর দুয়েক আগে জাতীয় নিরাপত্তা কথা বিবেচনা নিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেয়া হয়েছিল।

স্কুলের দুই বন্ধুকে সাথে নিয়ে শামিমা যখন সিরিয়ায় পাড়ি জমান, তখন তার বয়স ছিল ১৫ বছর। পরে এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন তিনি।

সিরিয়ার ক্যাম্পে বর্তমানে এই ২১ বছর বয়সী তরুণী দুর্গত অবস্থায় রয়েছেন।

তাকে বীভৎস উগ্রবাদী বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। পত্রিকাটি জানায়, আমাদের মাটিতে তার স্থান হতে পারে না।

ওই রায়ের ফলে শামিমা দেশে ফিরে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবেলা করতে পারবেন না।

গত জুলাইয়ে কোর্ট অব আপিল বলেছিল, তার বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত মোকাবেলায় তাকে ন্যায়সঙ্গত সুযোগ দেয়া হচ্ছে না। ক্যাম্প থেকে সে তার মামলায় লড়তে পারে না। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে তখন সুপ্রিম কোর্টকে অনুরোধ জানায় ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্য/এসকেএম