১০ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নিজেদের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও খাদ্যশস্য রফতানি করবে না ইউক্রেন। এমনটাই জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ।
বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যালেক্সি দানিলভ একথা বলেন। খবর: সিএনএন।
দানিলভ বলেন, প্রথম বিষয় হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা এবং তার পরের বিষয়টিও ইউক্রেনের নিরাপত্তা। অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের ভেতর থেকে কোনও খাদ্যশস্য পৃথিবীর কোথাও যাবে না। কারণ দেশের নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।
এই সময় তিনি দাবি করেন, খাদ্য পরিস্থিতির বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বের ব্যাপারে সতর্ক রয়েছে। কেউ চায় না বিশ্ব ক্ষুধার্ত থাকুক।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে খাদ্য সংকট চরম রূপ নিয়েছে। খুব দ্রুতই পরিস্থিতির অবনতি ঘটছে। যদি এ অবস্থা থেকে উত্তরণে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেয়া হয়, তবে এ সংকট কেবল বহু মাস না, বহু বছর স্থায়ী হবে। বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডাক্তার আংগাউজি আকুঞ্জু-আইওয়েলা এমন তথ্য দিয়েছেন।
আরও পড়ুন: ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন জেলেনস্কি
উল্লেখ্য, বিশ্বে সূর্যমুখী তেলের ৪২ শতাংশ, ভুট্টার ১৬ শতাংশ, বার্লির ১০ শতাংশ ও গমের ৯ শতাংশের সরবরাহ আসে ইউক্রেন থেকে। ডাক্তার আংগাউজি বলেন, যদি ইউক্রেন থেকে এখনই খাদ্যশস্য বের করে নিয়ে আসতে না পারি, তবে জুলাইয়ে আবারও তারা একই পরিমাণের ফসল ঘরে তুলবে, যা অপচয় হয়ে যাবে। কারণ তাদের কাছে ইতোমধ্যে যে পরিমাণ খাদ্যশস্য আছে, তা তারা রফতানি করতে পারেনি।
ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস। তিনি বলেন, ১১৬ কোটি মানুষ এ যুদ্ধের ক্ষতির শিকার হচ্ছেন। খাদ্য নিরাপত্তা ও জ্বালানির ওপর যুদ্ধের প্রভাব ব্যাপক, মারাত্মক। সময়ের সাথে এ সংকট আরও তীব্রতর হচ্ছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















