রকেট হামলায় প্রাণহানি

২১ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলায় অন্তত ৮জন মারা গেছেন। রাজধানীতে একাধিক জায়গায় এ হামলার ঘটনা ঘটে।

শনিবার (২১ নভেম্বর) কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌউস ফারামার্জ একাধিক রকেট বিস্ফোরণের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, এতে বেশ কিছু ভবন এবং গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ১৪টি রকেট হামলার খবর পাওয়া গেছে।

যেসব স্থানে হামলা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপের চিত্র। শহরজুড়ে অভিযান শুরু করেছে বিশেষ বাহিনী। যোগ দিয়েছে সেনা সদস্যরাও।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শক্তিশালী এ বিস্ফোরণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে খায়ের খানা এলাকায় প্রকট বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীরা আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে থাকে। এ সিরিজ বোমা হামলার দায়ভার এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি।

গেল ছয় মাসে আফগানিস্তানের সশস্ত্র তালেবান গোষ্ঠী ৫৩টি আত্মঘাতী হামলা এবং ১২৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছেন ১২১০ বেসামরিক নাগরিক, আহত হন আড়াই হাজারের বেশি। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার আলোচনার মধ্যেই দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলা ঘটনা বেড়েছে। 

এমন পরিস্থিতির মধ্যেই দেশটি থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই ঘোষণার বিরোধিতা করেছেন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও ন্যাটোকে এর খেসারত দিতে হবে বলে ট্রাম্পকে সতর্কবার্তা দেন তিনি।

আফগানিস্থান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *