রাজধানীর সব খাল দখলমুক্ত করা হবে

২৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীতে অবৈধভাবে দখল হওয়া সব খাল উদ্ধার করা হবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলার রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উদ্ধারকৃত খালসমূহ সংস্কার করা হলে রাজধানীতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগরবাসীকে একটি আধুনিক-দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগর উপহার দেয়া সম্ভব হবে। যারা সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, তারা স্বাভাবিক ভাবেই এখন ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এতে একটি বার্তা চলে যাবে যে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করে রেহাই পাওয়ার কোন সুযোগ নেই।

মন্ত্রী বলেন, শুধুমাত্র এখানকার খাল উদ্ধার হবে আর অন্যগুলো হবে না এমনটা ভাবা উচিত হবে না। ঢাকা শহরের যত জায়গা দখল করে যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন বা করার পাঁয়তারা করছেন তারা সতর্ক হবেন। কোনও ধরনের দখলবাজদেরই বরদাস্ত করা হবে না। জনগণের কল্যাণে যা যা করার দরকার তা করবে সরকার।

তাজুল ইসলাম জানান, রাজধানীর সব খালকেই একটির সাথে অন্যটির সংযোগ তৈরি করে তারপর ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ সংস্থার সাথে একাধিক সভা করে প্রকল্প হাতে নেয়া হচ্ছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। ঢাকা শহরের ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, জনপ্রতিনিধির হাতে দায়িত্ব দিলে খাল উদ্ধার করা সহজ হবে। কারণ জনপ্রতিনিধিদের সাথে জনগণ থাকে। তাদেরকে ঐক্যবদ্ধ করলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। সে উদ্দেশ্যেই রাজধানীর কিছু খাল ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই দুই সিটি করপোরেশন জোরালো অভিযান চালিয়ে খাল উদ্ধার কাজ শুরু করেছে। যার ফলাফল এখন দৃশ্যমান।

পরিদর্শনকালে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যেরা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *