রাজশাহী হবে দৃষ্টিনন্দন শহর

১৩ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): রাজশাহী অঞ্চলের আর্থ-সামাজিকসহ নানা উপযোগিতাকে কাজে লাগাতে পারলে দেশের মধ্যে এই শহরটি উন্নত নগরীতে রূপান্তরিত হবে। এমনটাই বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, রাজশাহীর উপযোগিতা অনুযায়ী অনেক উন্নয়ন করা সম্ভব। জনবসতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য এটি উপযুক্ত জায়গা।

তিনি বলেন, এ অঞ্চলে যে উন্নয়ন কর্মকান্ড চলছে তা বাস্তবায়িত হলে এ শহর দেশের মধ্যে একটি অনন্য নগরীতে রূপান্তরিত হবে।

মন্ত্রী বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অত্যন্ত পরিকল্পিতভাবে উন্নয়ন করার চেষ্টা করছেন। রাজশাহীর উন্নয়নের জন্য সরকার ইতোমধ্যে যথেষ্ট বরাদ্দ দিয়েছে এবং প্রয়োজনে আরও বরাদ্দ দেয়া হবে।

তিনি বলেন, নগরীর অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন থেকে আরও প্রকল্প নেয়া হলে সেগুলোকে বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজশাহী নগরী ও আশপাশের মানুষের সুপেয় পানি সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নেয়া হয়েছে। যার কার্যক্রমও শুরু হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিকভাবে মানুষের জীবন মানোন্নয়নে যা যা করা দরকার তার সবই করা হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার যেমন প্রত্যেক নাগরিকের রয়েছে। তেমনি না করার অধিকারও রয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি, করবে না সেটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সব পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান করা হয়েছে। এর কাজ চলমান রয়েছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে যাতে করে দীর্ঘমেয়াদি চাহিদা পূরণ করে টেকসই উন্নয়ন করা যায় সে জন্য কাজ করা হচ্ছে।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালউদ্দীন আহমদ, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে, সার্কিট হাউসে আয়োজিত স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

এলজিআরডি মন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *