১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। এরমধ্যে অন্যতম আগ্রহ যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণে।
বৃহস্পতিবার রেল ভবনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহেল্টস সৌজন্য সাক্ষাতে এসব আগ্রহের কথা জানান।
এসময় রেলপথ মন্ত্রী রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান সরকার রেলখাতকে অধিক গুরুত্ব দিয়েছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। একটি দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। এছাড়া যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণসহ অনেক প্রকল্প চলমান রয়েছে। এ সময় তিনি রেলের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান।
রেলপথমন্ত্রী জার্মান রাষ্ট্রদূতকে জার্মানির উচ্চ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও জার্মানিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য অনুরোধ জানান।
অনুরোধের প্রেক্ষিতে রাষ্ট্রদূত বাংলাদেশের রেল খাতে বিনিয়োগসহ প্রশিক্ষণের বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন।
রেলে বিনিয়োগ/এএমএম/কিউটি
















Leave a Reply