০৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনে দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকার থেকে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। এখনও কোনও প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তপক্ষ নোটিশ জারি করবে।
এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনা সংক্রমণ রোধে আবারও লকডাউনের ঘোষণা আসছে। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার থেকে সারা দেশ একযোগে লকডাউন দেয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।
লকডাউন/এসকেএম















