২৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখের শ্যাওক নদীর কাছে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে উল্টে খাদে পড়ে সাত ভারতীয় সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।
শুক্রবার সকালে তুরতুক সেক্টরে সেনাবাহিনীর জওয়ানদের বহনকারী সামরিক বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সেনাবাহিনীর ওই বাসে চড়ে ২৬ জন জওয়ান পারতপুর ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের ফরোয়ার্ড পোস্টের দিকে যাচ্ছিলেন।
কিন্তু আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ৫০/৬০ ফুট খাদে পড়ে যায়। গাড়িটি গড়াতে গড়াতে সায়ক নদীতে পড়ে।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। আহতদের উদ্ধার করে পারতপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, লাদাখে গাড়ি দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সৈন্যদের হারিয়ে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আশাকরি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সাথে কথা হয়েছে। আহত জওয়ানদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে সেনাবাহিনী।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply