২৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, লেবানন): লেবাননের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী নাজিব মিকাতি।
সোমবার তিনি জাতীয় সংসদের ১১৮ সদস্যের মধ্যে ৭৩ সদস্যের ভোট লাভে সমর্থ হয়েছেন। খবর: আল জাজিরার।
সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সাথে বৈঠক করেন।
নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটিতে গত নয় মাস ধরে বিরাজমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো হলো বলে মনে করা হচ্ছে।
একদিন আগে তিনি লেবাননের সাবেক তিন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওরা ও তাম্মাম সালামের সমর্থন লাভ করেন।
তিনি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সমর্থনও পেয়েছেন। এ ছাড়া প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টি এবং আমাল মুভমেন্ট ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও পেয়েছেন তিনি।
আশা করা হচ্ছে, নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন। এবং দেশের অর্থনৈতিক সংকট এবং ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্য সংকটের মোকাবেলা করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।
লেবানন/এসকেএম















