৫ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): শ্রদ্ধা ভালোবাসায় সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের আয়োজন করে। এছাড়াও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করে ডাকবিভাগ।
সকালে শেখ কামালের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, জন্মদিনের আনন্দ হারিয়ে গেছে পঁচাত্তরের রক্তাক্ত বিদায়ের মাধ্যমে। শহীদ শেখ কামালের কাছে বাংলাদেশের তরুণ সমাজের অনেক কিছু শেখার আছে। তিনি বহুমাত্রিক প্রতিভা ও মেধার অধিকারী ছিলেন।
এ সময়ে বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুব-উল-আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন ও মির্জা আজমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগ ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি বিকালে টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
এদিকে, জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং ১০ টাকা মুল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করে ডাক অধিদপ্তর। এ ছাড়া ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করা হয়।
শেখ কামাল/এএমএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply