নিউজ ডেস্ক: শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান প্রয়োগ করার জন্য দক্ষতা ও সুযোগ থাকতে হবে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেন, দক্ষ লোক বেশি তৈরি করা প্রয়োজন। কেউ দক্ষতা অর্জন করতে পারলে নিজের আয়-রোজগার বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন হবে।
শনিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে একজনকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ গিয়ে দ্রুত কর্মসংস্থান করতে পারেন।
তিনি বলেন, বর্তমানে কুমিল্লা এবং চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অন্য জেলার তুলনায় তারা একটু বেশি আয় করছেন।
গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার লোক বিদেশে গিয়েছেন, প্রশিক্ষিত ও দক্ষ হয়ে চলতি বছর ১ লাখ কর্মী যাবেন বলেও আশা করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিলন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ফলক উন্মোচন করেন।
শিক্ষামন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














