শেখ হাসিনা সাম্প্রদায়িক অপশক্তির সাথে আপোষ করেন না

১০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কখনও সাম্প্রদায়িক অপশক্তির সাথে আপোষ করেন না। তার নেতৃত্বে আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শ ম রেজাউল কারিম বলেন, সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী, উগ্র কোন পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আসতে যাতে না পারে, সম্প্রীতির এ দেশকে আবার যেন কেউ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের ভ্রাতৃপ্রতিম মানসিকতায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঊর্ধ্বে একটি পরিচিতি আছে। সেটা হলো আমরা বাঙালি, আমরা মানুষ।

তিনি বলেন, বাংলাদেশ ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। শেখ হাসিনা সব ধর্মের মানুষের সাথে আছেন।

অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হীরালাল বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির উপদেষ্টা ডক্টর মিহির কান্তি মজুমদার, সমিতির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মন্ডল, সমিতির সদস্য মিন্টু কুমার মণ্ডল, সমিতির বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক জগদীশ চন্দ্র বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *