শ্রমিকের মৃত্যু

১১ নভেম্বর ২০২০, (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে একটি নির্মাণাধীন কারখানার ভবন ধসে আট জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার পুলিশ জানায়, অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যোধপুরের বাসনি শিল্প এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়লে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। শ্রমিকদের মৃত্যুকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন।

খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ভবনে ১৬ জনের বেশি শ্রমিক উপস্থিত ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ছাদটি ভেঙে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যোধপুর/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *