২০ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলংকা): পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। ২২৫ আসনের পার্লামেন্টে তিনি ভোট পেয়েছেন ১৩৪টি।
বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোটদান শুরু হয়। এদিন পার্লামেন্টের ২২৫ সংসদ সদস্যের মধ্যে একজন পার্লামেন্টে উপস্থিত হননি। আরেকজন পার্লামেন্টে উপস্থিত থেকেও ভোটদান থেকে বিরত ছিলেন। খবর: আলজাজিরা।
অপর দুই প্রার্থীর মধ্যে দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট আর অনূঢ়া কুমারা দিসানায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট।
প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শুরুতে প্রার্থী ছিলেন চারজন। তবে দুলাসের সমর্থনে শেষ পর্যন্ত সরে দাঁড়ান সঙ্গী জন বালাওয়েগারের (এসজেবি) সাজিথ প্রেমাদাসা।
গত সপ্তাহে গণরোষের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে যেতে হয় লঙ্কান পার্লামেন্টের এমপিদের। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত করলেন দেশটির এমপিরা।
এর আগে ১৯৯৩ সালের মে দিবসে তামিল টাইগারের আত্মঘাতী হামলায় তৎকালীন প্রেসিডেন্ট আর প্রেমাদাসা নিহত হন। তিনি বর্তমান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসার বাবা। পরে মে মাসেই এক অধিবেশনে পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতভাবে ডি বি বিজেতুঙ্গাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রেমাদাসার বাকি মেয়াদ পূর্ণ করার পর তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকায় রাজাপক্ষেদের সরকার উৎখাতে মাঠে নেমেছিলেন বিক্ষোভকারীরা। আন্দোলনের একপর্যায়ে পালাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে থাকা দুই ভাই গোতাবায়া ও মাহিন্দা রাজাপাকসে।
শ্রীলংকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply