শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

০৭ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং তীব্র ঘাটতির মধ্যে মজুত প্রতিরোধে শ্রীলঙ্কায় জারিকৃত জরুরি অবস্থায় অনুমোদন দিয়েছে দেশটির সংসদ।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে জানা যায়, বিরোধীদলীয় পার্লামেন্ট মেম্বাররা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, দেশে জরুরি অবস্থা জারির কোনও দরকার নেই। কারণ খাদ্য সরবরাহে যেসব আইন আছে সেগুলো কার্যকর করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জরুরি অবস্থা জারি করে পরিস্থিতিকে আরও কঠিন করা হচ্ছে।

সরকার বলছে, খাদ্য সংকট মোকাবেলায় স্বাভাবিক আইন প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে।

জরুরি অবস্থা চলাকালে পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করা, সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্ত করা, যে কোনও স্থানে বিনা বাধায় অভিযান ও তল্লাশি পরিচালনা ও বিদ্যমান আইনে হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও সুযোগ নেই।

এর আগে প্রেসিডেন্ট গোটাবায়ে পাকসে গত ৩০ আগস্ট দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। দেশটির ২২৫ সাংসদের মধ্যে সরকারদলীয় রয়েছেন ১৫০ জনেরও বেশি। জরুরি অবস্থা জারির পক্ষে ১৩২ জন ভোট দিয়েছেন, বিপক্ষে দিয়েছেন ৫১ জন।

শ্রীলঙ্কা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *