সাম্প্রদায়িক উস্কানিদাতাদের ব্যাপারে সতর্ক থাকুন

১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান… সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। শান্তির এ দেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কেউ যেন শান্তি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এমন আহ্বানই জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

শুক্রবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লায় জেএম সেন হল থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহাশোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডক্টর হাছান বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ রচিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্য। কিন্তু একটি রাজনৈতিক দল ও পক্ষ আছে যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে। তারা নির্বাচন এলে সাম্প্রদায়িক স্লোগান দেয়। আওয়ামী লীগকে গালাগাল করে বলে- আমরা হিন্দুদের দল। আমরা সব মানুষের দল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সব মানুষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শোভাযাত্রাসহ চট্টগ্রামে যেভাবে জন্মাষ্টমী উদযাপন হয় দেশের আর কোথাও এভাবে এরকম জৌলুসপূর্ণ উৎসব হয় না বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, চট্টগ্রামের এই অনুষ্ঠান অবশ্যই জাতীয় অনুষ্ঠান। জাতীয় অনুষ্ঠান বলেই গতকাল প্রধানমন্ত্রী এখানে অনলাইনে সংযুক্ত হয়েছিলেন।

শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মাইকেল দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *