সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ল

১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় এবং বিদ্যুত উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে ‘পিক আওয়ারে’ দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে সরকার।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার এক জরুরি বার্তায় বলা হয়েছে, সারাদেশে সব সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে মঙ্গলবার থেকেই।

এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হত। গতবছরের ১৯ সেপ্টেম্বর থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরও এক ঘণ্টা বাড়ল।

নতুন এই সিদ্ধান্তের ফলে জনগণের ভোগান্তি বাড়বে, সেজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে পেট্রোবাংলার বার্তায়।

পাশাপাশি সিদ্ধান্ত কার্যকর করতে গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গোপনে অভিযান চালাতে বলা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসারে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি এবং কয়েকটি গ্যাসক্ষেত্রে সংস্কার কাজের কারণে গত সেপ্টেম্বরে গ্যাসের উৎপাদন কমতে শুরু করে।

প্রায় এক হাজার এমএমসিএফডি এলএনজি সরবরাহ ক্ষমতা সম্পন্ন দুটি এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গত জানুয়ারির মাঝামাঝিতে গ্যাস সরবরাহ হচ্ছিল মাত্র ৪০০ এমএমসিএফডি।

অবশ্য সম্প্রতি এলএনজি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ৫৩২ এমএমসিএফ। আর দেশে সার্বিক গ্যাস উৎপাদন হচ্ছে দৈনিক ২৮৪৬ এমএমসিএফডি।

এদিকে বিদ্যুতের বড় একটি জোগান আসে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। দেশে এখন ১০ হাজার মেগাওয়াটের মত বিদ্যুতের চাহিদা থাকলেও শুকনো মওসুমে তা বেড়ে সাড়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নিত হবে।

সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রগুলোতে ৭৭৩ এমএমসিএফডি গ্যাস ব্যবহার হয়েছিল, যদিও গত জানুয়ারির মাঝামাঝিতে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার ছিল ৭০০ এমএমসিএফডি।

গত বছর এপ্রিলের শেষ দিকে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ১ হাজার ২৪৩ এমএমসিএফডি গ্যাস ব্যবহার হচ্ছিল। সেই হিসাবে এবার গ্যাসের ব্যবহার আরও বাড়তে পারে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সিএনজি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *