স্বাস্থ্যমন্ত্রী উদ্বিগ্ন

৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ওই সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ এতোটাই বেড়ে গেছে যে স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, ভর্তি হতে পারছেন না।

জাহিদ মালেক বলেন, আমরা সব হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করছি। সাধারণ রোগী কমিয়ে করোনা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থা করার চেষ্টা করছি। এতে সাধারণ রোগীদেরও কষ্ট হবে।

তিনি বলেন, সাধারণ রোগী ও করোনা রোগীর চিকিৎসা মিলিয়ে স্বাস্থ্যসেবার ওপর বিরাট চাপ তৈরি হয়েছে। আমাদের চিকিৎসক ও নার্সরা কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়ছেন। তাদের ছুটি দেয়া যাচ্ছে না। এখন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে হাসপাতালে রোগীদের জায়গা দেয়া সম্ভব হবে না।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও স্বাস্থ্যমন্ত্রী তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। বলেছিলেন শঙ্কার কথা। তখন তিনি বলেছিলেন, হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। বেডের সংখ্যা দ্বিগুন করা হয়েছে। হাসপাতালগুলোতে এক ইঞ্চি জায়গা নেই আরও শয্যা বাড়ানোর।

স্মর্তব্য, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ (বুধবার) শনাক্তের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৭ হাজার ৬৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *