হাসপাতালে অক্সিজেন সংকট

২৩ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ ঘণ্টায় ২৫ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সংশ্লিষ্ট হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন এনডিটিভি।

নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে এই ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ২৫ জন গুরুতর অসুস্থ রোগী মারা গেছেন। সকাল ৮টা নাগাদ হাসপাতালের কাছে যে পরিমাণ অক্সিজেন আছে, তাতে দুই ঘণ্টা চলতে পারে। ভেন্টিলেটর এবং বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না। যার ফলে ম্যানুয়াল ভেন্টিলেশনের ওপর নির্ভর করতে হচ্ছে। বড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। ৬০ জন রোগীর জীবন বিপন্ন। অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন’।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তাদের জরুরি ভিত্তিতে অক্সিজেন দরকার। তাই জরুরি ভিত্তিতে আকাশপথে অক্সিজেন পাঠানও দরকার।

তবে অক্সিজেনের অভাবে ওই ২৫ রোগীর মৃত্যু হয়েছে বলে মানতে রাজি নন হাসপাতালের চেয়ারম্যান ডিএস রানা।

তিনি বলেন, “তাদের অবস্থা খুবই সঙ্কটজনক ছিল। হাসপাতালে অনেকেই ভর্তি রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। যারা মারা গেছেন তাদের মৃত্যু শুধুমাত্র অক্সিজেনের অভাবে হয়েছে বলে মনে করি না। তবে এটা ঠিক যে হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে এসেছে।’

স্যার গঙ্গারাম হাসপাতাল ছাড়াও দিল্লির অন্তত ছয়টি হাসপাতালে অক্সিজেনের মজুদ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অক্সিজেনের অপেক্ষায় বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে।

রাজধানীর বাকি হাসপাতালেও মাত্র কয়েক ঘণ্টা চালানোর মতো অক্সিজেন আছে বলে চিকিৎসকদের ভাষ্য।

করোনা ভাইরাস/এসকেএম