নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে ২০৩০ সালের মধ্যে কৃষির উৎপাদনশীলতা দ্বিগুণ করার মাধ্যমে বর্ধিত খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
শাহাব উদ্দিন বলেন, ফসলের জলবায়ু সহনশীল নতুন নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ ও পরিবেশ বান্ধব কৃষি উপকরণের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি পন্য প্রক্রিয়াজাত, ভ্যালু চেইন উন্নয়নসহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ের ওপর গবেষণায়ও গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষি পণ্য রফতানির বাজার অনুসন্ধান করতে হবে। চাহিদা অনুযায়ী রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনের সময় গ্যাপ নীতমালা অনুসরণ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে কৃষি ও কৃষকবান্ধব নীতি গ্রহণ, বাস্তবায়ন এবং কৃষির সাথে জড়িত সবার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ এখন দানা শস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে বিশেষ মনযোগ দেয়ার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে দ্রব্যের বাজারদর ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, খাদ্যের সুষম বন্টনসহ সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা যেমন জরুরি, তেমনি সবার পুষ্টি সচেতনতার বিষয়টিও অত্যাবশ্যকীয়।
মন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে টেকসই কর্ম-পদ্ধতির বিকাশ সাধন করে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষমাত্রা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলার কাজ এগিয়ে নেয়া যাবে।
জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply