নারী সাংবাদিককে গুলি করে হত্যা

০৩ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারের রাজধানী জালালাবাদে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার করেছে দুর্বৃত্তরা। অফিস থেকে বাসায় ফেরার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া এই হামলায় আরও এক নারী সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার অজ্ঞাত বন্দুকধারীরা অ্যানিকাস রেডিও টেলিভিশনের নারী সাংবাদিকদের ওপর হামলা চালায়। খবর: আফগানিস্তান টাইমস।

নিহতরা স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। নিহত ওই তিন নারী সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পরিকল্পিত ও পৃথক দুটি হামলায় তাদের হত্যা করা হয়। আহত সাংবাদিকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

আফগান পুলিশ জানিয়েছে, হামলার সাথে জড়িত প্রধান বন্দুকধারীকে আটক করেছেন তারা। আটককৃত ওই ব্যক্তি তালেবান বিদ্রোহীদের সাথে সংশ্লিষ্ট বলেও দাবি করেছে পুলিশ। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবান।

টিভি চ্যানেলটির প্রধান নির্বাহী জালমাই লতিফি জানিয়েছেন, সম্প্রতি মাধ্যমিক স্কুলে পড়া শেষ করে তাদের প্রতিষ্ঠানের ডাবিং বিভাগে যোগদান করেছিলেন ওই তিন নারী কর্মী।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *