সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি

০৩ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ চলছে দেশজুড়ে। এরই মধ্যে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে দেশিটির বিদ্রোহী গোষ্টী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)।

বিদ্রোহী গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান কর্নেল নও বু এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বলেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আমরা হেলিকপ্টারটি ভূপাতিত করেছি। খবর: আনাদলু এজেন্সি।

তিনি বলেন, সামরিক বাহিনীর বিমান হামলার পর তারা পাল্টা গুলিতে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

তবে কোন ধরনের অস্ত্র দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে সে বিষয়টি তিনি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে জানান, গ্রামের একটি মাঠে কামানের গোলার আঘাতে গুরুতর আহত চার ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে বিদ্রোহীদের লড়াই তীব্র হয়ে উঠেছে।

সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের পরিস্থিতি টালমাটাল হয়ে আছে। প্রায় প্রতিদিন দেশজুড়ে সামরিক শাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে।

মিয়ানমার/এসকেএম