১০ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে এ তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা রয়েছে।
সোমবার দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দিয়েছে। খবর: খালিজ টাইমস।
খবর জানা যায়, বুধবার থেকে বাংলাদেশসহ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর যাত্রীরা আরব আমিরাতে ঢুকতে পারবেন না।
এক মাস আগে থেকেই করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়।
এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেয়া হলো। তবে সংস্থাটির ওয়েবসাইটে দেয়া ঘোষণায় এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি।
আরব আমিরাত/এসকেএম















