আফগানিস্তানে তালেবান-সেনা সংঘর্ষ

১৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানে তালেবানের সাথে সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সংঘর্ষের ঘটনায় ২৩ সেনা সদস্য নিহত হয়েছে।

বুধবার দেশটির উত্তরের ফারিয়াব প্রদেশে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে ‘দৌলত আবাদ’ জেলায় স্থানীয় সেনা এবং কমান্ডোরা পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং অপারেশন) শুরু করলে তালেবানের সাথে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২৩ কমান্ডো নিহত এবং ছয় পুলিশ সদস্য আহত হয়।

জানা যায়, সংঘর্ষের পর নিরপত্তা বাহিনী দৌলত আবাদ জেলা কেন্দ্র থেকে পিছু হটে ফারিয়াব প্রদেশের কারামকোল জেলায় অবস্থান নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলত আবাদ জেলা কেন্দ্র তালেবান দখল করে নেয়।

তালেবানের সাথে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র এবং তুরস্কে প্রশিক্ষণ নেয়া সোহরাব আজিমি নামে বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে। তিনি আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র অবসরপ্রাপ্ত জেনারেল জহির আজিমির ছেলে। জহির আজিমি তালেবানের সাথে সংঘর্ষে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছেলে শহীদ হওয়ায় তিনি গর্বিত।

তিনি বলেন, তার ছেলে এবং তার সহকর্মীরা গর্ব এবং সাহসের সাথে দায়িত্ব পালন করেছে। দেশ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে।

আফগানিস্তান/এসকেএম