জোড়া গোল দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোনাল্ডো

২৪ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইউরো চ্যাম্পিয়নশীপে ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগালের সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার এই দুই গোলেই তিনি ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ের ১০৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করেছেন। পর্তুগালের জার্সি গায়ে সর্বমোট ১৭৮টি ম্যাচ খেলে এই রেকর্ড স্পর্শ করেছেন সিআর সেভেন।

৩৬ বছর বয়সী রোনাল্ডো ইতোমধ্যেই ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে ১৪ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এই তালিকায় তিনি পাঁচ গোলের ব্যবধানে পিছনে ফেলেছেন সাবেক ফরাসী অধিনায়ক মিশেল প্লাতিনিকে। ১৯৮৪ সালে ইউরোর এক আসরেই ফরাসী গ্রেট মিশেল প্লাতিনি ফ্রান্সের হয়ে ৯ গোল করেছিলেন।

এছাড়া সর্বোচ্চ পাঁচটি ইউরো আসরে খেলার রেকর্ডটিও এখন রোনাল্ডোর কব্জায়। এবারের আসরে ইতোমধ্যেই গ্রুপ পর্বের তিন ম্যাচে পাঁচ গোলের দেখা পেয়েছেন সিআর সেভেন।

২০০৪ সালের ইউরোতে গ্রীসের সাথে প্রথম ম্যাচে রোনাল্ডো তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। সেই ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছিল পর্তুগাল। এরপর থেকেই প্রতিপক্ষের জাল খুঁজে নেয়াটা যেন রোনাল্ডোর নেশা হয়ে ওঠে। দীর্ঘ বিরতির পর রোনাল্ডোর হাত ধরেই যেন পুনর্জন্ম হয় পর্তুগীজ ফুটবলের। শুধু তাই নয়, রোনাল্ডো তার ক্লাব ক্যারিয়ারেও এই ধারা অব্যাহত রাখেন। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে রোনাল্ডো আর গোল মেশিন যেন সমার্থক হয়ে ওঠেন। সে সময়েই ফুটবল অনুরাগীরা সিআর সেভেন ও লিওনেল মেসির মধ্যে কে সেরা সেই বিতর্কে জড়িয়ে পড়েন।

দাই ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরানের হয়ে ১৪৯টি ম্যাচে ১০৯ গোল করেছিলেন। দাইয়ের এই অর্জন কেউ কখনও স্পর্শ করতে পারবে বলে মনে হয়নি। বিভিন্ন অনুষ্ঠানে দাই মন্তব্য করেছিলেন, রোনাল্ডো যদি তার রেকর্ড ভাঙতে পারেন তবে তিনি সত্যিকার অর্থেই খুশী হবেন। তিনি সবসময়ই বিশ্বাস করেন বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে রোনাল্ডো অন্যতম। দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির পাশে সবসময়ই রোনাল্ডোর নামও থাকবে। রোনাল্ডোর করা রেকর্ডের পরপরই ইনস্টাগ্রামে দাই লিখেছেন, অভিনন্দন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে আর মাত্র এক গোল দূরে রয়েছেন তিনি (রোনাল্ডো)। আমি সত্যিই গর্বিত যে আমার এই রেকর্ড রোনাল্ডোর মত একজন খেলোয়াড় স্পর্শ করেছেন। সে একজন সেরা ফুটবলার।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো/এসকেএম

রোনাল্ডোর নয়া রেকর্ডরোনাল্ডোর নয়া রেকর্ড

http://artnewsbd.com