১৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): একাদশ জাতীয় সংসদের ষোড়শ এবং বছরের প্রথম অধিবেশন আগামীকাল বিকেল ৪টায় শুরু হবে। সংবিধানে অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
বছরের প্রথম অধিবেশন হিসাবে আগামীকাল রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরমধ্যে মন্ত্রিসভা এ ভাষণ অনুমোদন করেছে। ভাষণে বর্তমান সরকারে বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরা হবে।
রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এ কারণে অধিবেশন দীর্ঘ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অধিবেশন ১০/১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।
রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।
সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়। যা ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর শেষ হয়। ওই অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) উত্থাপন করেন। এর উপর পরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।
আরও পড়ুন: সংসদের ১৫তম অধিবেশন শুরু আগামীকাল
ওই অধিবেশনে সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি রয়েছে। এজন্য শুক্রবার সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিড টেস্ট করা হয়েছে। সাংবাদিক ছাড়াও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের কোভিড টেস্ট করা হয়েছে।
সংসদ অধিবেশন/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:











Leave a Reply