সু চির আপিল খারিজ

৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করা আপিল খারিজ করেছেন সামরিক সরকারের আদালত।

গত সপ্তাহে করা এই আপিল বুধবার নাকচ করা হয়েছে। সেনা সরকারের মুখপাত্র জাও মিন তুনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

জাও মিন তুন এএফপিকে জানান, ইউনিয়ন সুপ্রিমকোর্ট তার দণ্ডের আপিল প্রত্যাখ্যান করেছে।

সু চি এ রায়ের বিষয়ে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করবেন বলেও একটি সূত্র এএফপিকে জানিয়েছে।

গত সপ্তাহে অং সান সুচির বিরুদ্ধে ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও সোনার বার ঘুস নেয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেয়া হয়। দেশটির রাজধানী নেপিদোর সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন।

সুপ্রিমকোর্টে সু চির করা আপিল সম্পর্কে একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, আপিলটি করার সাথে সাথেই সেটি খারিজ করে দেন আদালত। সেখানে দুপক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।

নতুন আপিলের জন্য কোনও তারিখ দেয়া হয়নি, যেটি কেন্দ্রীয় সুপ্রিমকোর্টে দুই বিচারপতির সামনে শুনানি হবে।

তার দুর্নীতির দোষী সাব্যস্ত হওয়ার আগে, ৭৬ বছর বয়সি সু চিকে ইতোমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার নিয়ম লঙ্ঘন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার জন্য ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। এ ছাড়া তিনি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনি জালিয়াতির অভিযোগসহ অন্যান্য বিচারের মুখোমুখি হয়েছেন।

তার অন্যান্য রায়ে আদালতের শুনানিতে সাংবাদিকদের উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। আর সু চির আইনজীবীদেরও গণমাধ্যমের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে।

মিয়ানমার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *