সিপিবি’র মহাসমাবেশে হামলার ২০ বছর

১৯ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): আগামীকাল ২০ জানুয়ারি পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহাসমাবেশে বোমা হত্যাকাণ্ডের ২০তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবি’র মহাসমাবেশে বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র।

হামলায় সিপিবি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা নেতা কমরেড হিমাংশু মণ্ডল, রূপসা উপজেলা নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও মাদারীপুরের কমরেড মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবি’র মহাসমাবেশে হামলায় নিহত একজন। ফাইল ফটো

এছাড়া খুলনা বিএল কলেজ ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হন। ওই বছরেই ২ ফেব্রুয়ারি তিনি মারা যান। বোমা হামলায় সিপিবি’র শতাধিক নেতা-কর্মী আহত হন।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে ২০ জানুয়ারির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, নানা টালবাহানার পর দীর্ঘ ১৯ বছর পর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও এই হামলার পেছনের বিভিন্ন শক্তিকে চিহ্নিত করা হয়নি। শুধু আইনগতভাবে নয়, বোমা-হামলার পেছনের অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক বিষয়গুলোও বিশ্লেষণ করা প্রয়োজন। রাজনৈতিক শক্তির উপযুক্ত শিক্ষা গ্রহণ করা জরুরি কর্তব্য। এজন্য উচ্চ পর্যায়ের ট্রুথ কমিশন গঠন করতে হবে।

বিবৃতিতে সিপিবি নেতারা এ হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বলেন, বোমা-হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দুঃসহ জীবনযাপন করছেন। সিপিবি সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছে। এসব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তার ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, হত্যা-হামলা-মামলা নির্যাতন করে কমিউনিস্টদের আন্দোলন দমানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। শহীদদের স্বপ্নের শোষণমুক্ত সমাজ-সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেই তাদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে। শহীদদের রক্তপতাকা নিয়েই কমিউনিস্ট পার্টি এগিয়ে যাবে।

শহীদদের স্মরণে সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি:

পল্টনের শহীদদের স্মরণে বুধবার সারাদেশে সিপিবি’র পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে শহীদ স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশ নেবেন।

বোমা হামলা/টিটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *