মিয়ানমারে ২৩ হাজার কারাবন্দির সাজা মওকুফ

১২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের জান্তা সরকার ২৩ হাজার ৩১৪ জন কারাবন্দিকে সাধারণ ক্ষাম ঘোষণা করেছে। পাশাপাশি ৫৫ জন বিদেশী নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে দেশটির সামরিক সরকার।

শুক্রবার দেশটির জান্তা সরকারের কাছ থেকে এই ক্ষমার ঘোষণা এসেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন গ্লোবাল নিউ লাইট বলছে, ক্ষমা দেয়া এসব বন্দিকে তাদের কারাদণ্ডের বাকি সাজা ভোগ করতে হবে না। তারা মুক্ত থাকবেন। দুটি আদেশেই জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সই রয়েছে।

কারাবন্দিদের মুক্তি নিয়ে এর বাইরে কোনও তথ্য দেয়া হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিজ্ঞায় টানা ষষ্ঠদিনের মতো বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে মিয়ানমারজুড়ে।

রাজধানী নেপিডোর রাস্তায় শত শত প্রতিবাদকারী লাইন ধরে দাঁড়িয়ে জান্তাবিরোধী স্লোগান দিয়েছে, সু চি’র সমর্থনে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার এক নারী গুলিবিদ্ধ হওয়ার পরও বিক্ষোভ দমেনি। ওইদিনই প্রথম বিক্ষোভে রক্ত ঝরেছে।

নেপিডোতে সেদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মিয়ানমার পুলিশ প্রথমে জলকামান এবং পরে রাবার বুলেট ব্যবহার করে।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *