০৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তান থেকে ইতোমধ্যে ৯০ শতাংশেরও বেশি মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম’ এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।
সেন্টকম জানায়, সেপ্টেম্বরের সময়সীমার আগেই সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করতে তারা আফগান নিরাপত্তা বাহিনীর কাছে সাবেক সাতটি মার্কিন ঘাঁটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। তারা সেখান থেকে অধিকাংশ মালামালও সরিয়ে নিয়েছে।
শুক্রবার মার্কিন বাহিনী কাবুলের উত্তরে অবস্থিত সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে। গত দুই দশকের সংঘাতের অধিকাংশ সময় এ বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র।
বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সাকি শুক্রবার বলেন, আগস্টের শেষ নাগাদ আমাদের সৈন্য প্রত্যাহারের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।
এদিকে মার্কিন দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তানে সাড়ে ছয়শ’ বা এর বেশি সৈন্য রাখার আশা করছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান/এসকেএম















