ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক হতাহত

৬ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ বছরের শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার দেশটির মারিব শহরে এ হামলা চালানো হয় বলে জানায় আরব নিউজ।

প্রাদেশিক গভর্নরের প্রেস সহকারী আলী আল-ঘুলিসি আরব নিউজকে জানান, ক্ষেপণাস্ত্রটি মারিব শহরে রাউধার আশেপাশে একটি গ্যাস স্টেশনে আঘাত করে।

তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিয়ন্ত্রণে নিতে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা ফেব্রুয়ারি থেকে তাদের ওপর হামলা চালানো শুরু করে।

২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব।

এদিকে হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরানি এ হামলার তীব্র নিন্দা জানান।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মার্কিন রাষ্ট্রদূতকে এ হামলার নিন্দা জানানোর আহ্বান জানান।

ইয়েমেন/এসকেএম