চীনে ট্রেন দুর্ঘটনা

০৪ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনের গানসু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন রেলকর্মী নিহত হয়েছেন। রেললাইনে সংস্কার কাজের সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় নিহত হন তারা।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ট্রেনটি। এটি উরুমকি থেকে হাঙজুতে যাচ্ছিল। খবর: বিবিসির।

খবরে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানও হয়েছে।

তবে দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকেই। রেল লাইন সংস্করণের কাজ করার সময় দ্রুতগামী ট্রেন কিভাবে সেখানে পৌঁছাল, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরা।

তাদের মতে, সেখানে কাজ চলছিল বিষয়টি আগে থেকেই জানা ছিল রেলওয়ে কর্তৃপক্ষের। ভুলের কারণে ৯ জনের জীবন চলে গেল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। মর্মান্তিক দুর্ঘটনার কারণ এখনও বের না হলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম