আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। বাসটি কোভিড-১৯ রোগীদের পরিবহণের কাজে নিয়োজিত ছিল। কোয়ারেন্টিনে থাকা ৪৭ যাত্রীকে নিয়ে এটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় বাসে থাকা বাকি ২০ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর: বিবিসি।
খবরে জানানো হয়, এটিই এ বছর চীনের সবথেকে বড় সড়ক দুর্ঘটনা। খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহত ২০ জনকে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটেছে প্রত্যন্ত এলাকায়। যেখানে সংল্যাঘুদের বসবাস বেশি। গুইঝো প্রদেশে কোভিডে এখন পর্যন্ত মাত্র দুই জনের মৃত্যু হয়েছে।
এই প্রদেশটি কোভিড থেকে সবথেকে নিরাপদ এলাকাগুলোর একটি হিসেবে পরিচিত।
চীন সরকার প্রথম থেকেই কোভিডের বিরুদ্ধে কঠিন নীতি গ্রহণ করেছে। তাদের জিরো-কোভিড পলিসির কারণে চীনে এখনও ইউরোপ ও আমেরিকার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারেনি কোভিড। তবে এত কড়াকড়ি করায় দেশের মধ্যেই অনেকের এ নিয়ে ক্ষোভ রয়েছে।
কোথাও কেউ কোভিড আক্রান্ত হলে সেখানে দ্রুত লকডাউন জারি করা হয় চীনে। এরপর একাধিকবার সকল স্থানীয়কে কোভিড টেস্ট করা হয়। কারও কোভিড শনাক্ত হলে তাকেসহ তার সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়। এমনকি এক’দুটি শনাক্তের ঘটনায়ও পুরো শহর লকডাউনের অধীনে নিয়ে আসা হয়। এবার সেরকম একটি কোয়ারেন্টিন সেবায় নিয়োযিত বাসই দুর্ঘটনায় পড়লো।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply