জবাব দিলেন মির্জা আব্বাস

২৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে হাই-কমান্ডের রোষানলে পড়েছেন দলটির ত্যাগী নেতা মির্জা আব্বাস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষিপ্ত হয়েছেন মির্জা আব্বাসের ওপর। ফলে তাকে (মির্জা আব্বাস) জবাব দিতে হয়েছে কারণ দর্শাও নোটিশের।

সোমবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি এ বিষয়ে তার লিখিত জবাব পাঠিয়েছেন।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠ একজন বিষয়টি আর্ট নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস লোক মারফত তার লিখিত বক্তব্য মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন।

অন্য একটি সূত্র জানিয়েছে, মির্জা আব্বাস তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সংবাদ সম্মেলন করে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দেন।

মির্জা আব্বাস ঘনিষ্ঠজনদের জানান, সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করার পরও দল তার কাছে ব্যাখ্যা দাবি করেছে। দলের কোন কোন নেতা সরকার ও সরকার সমর্থক গণমাধ্যমের বক্তব্যের সাথে মিল রেখে কথা বলে যাচ্ছে। কিন্তু তার বক্তব্য তারা অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।

অন্য আরেকটি সূত্র থেকে জানা গেছে মির্জা আব্বাসের লিখিত বক্তব্য সম্পর্কে। তিনি সেখানে লিখেছেন, আমি কখনও বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দলের দুঃসময়ে নিরলসভাবে কাজ করেছি। সরকারবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ৪৩ বছরে তার সামনে বিএনপি নিয়ে বিরূপ মন্তব্যের কড়া প্রতিবাদ করেছেন। তারপরও ৪৩ বছর পর এই প্রথম একটি বক্তব্য নিয়ে দলের ভিতর তাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেছেন, মির্জা আব্বাস উদ্দেশ্যমূলকভাবে ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেননি। তিনি যা মনে করেছেন সেটাই বলেছেন।

এর আগে, ইলিয়াস আলীর গুম ইস্যুতে বিস্ফোরক মন্তব্যের জন্য বৃহস্পতিবার তারেক রহমানের পক্ষে মির্জা ফখরুল বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন মির্জা আব্বাসকে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল এক ভার্চ্যুয়াল আলোচনায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে দলের দিকেই ইঙ্গিত করেন। তিনি বলেছিলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা করলো কে? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই’।

মির্জা আব্বাস সেদিন বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কার্যালয়ে এক ব্যক্তির সাথে মারাত্মক বাকবিতণ্ডা হয়।

বিএনপির এই ত্যাগী ও বিশ্বস্ত নেতা মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আলিয়াস আলীর গুমের পিছনে দলের অভ্যন্তরে লুকায়িত বদমায়েশগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিন’।

মির্জা আব্বাস/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *