২৩ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর গতি বেড়ে ঘন্টায় একশ’ কিলোমিটার হতে পারে।
আবহাওয়া দফতর ধারণা করছে বুধবার তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, কলিকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে।
এর প্রভাবে সোমবার সকাল থেকেই দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি-সহ উপকূলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার।
তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রের বরাতে খবরে বলা হয়, গভীর নিম্নচাপটি চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় ইতোমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ছয়টি ইউনিট মোতায়েন করা হয়েছে।
পুদুচেরি ও অন্ধ্র প্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে।
ভারত/এসকেএম/আরএম













Leave a Reply