নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

১০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর জাভা সাগরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শনিবার বিকালে ৬২ আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় বিমানটি।

রোববার সকালে দেশটির নৌবাহিনীর ডুবুরিরা দুটি ব্যাগ উদ্ধার করেছেন। এর একটি ছিল যাত্রীর। আরেকটি ধ্বংসাবশেষ। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ডুবুরিদের মাধ্যমে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নৌবাহিনী, পুলিশের শতাধিক সদস্যও এ উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। খবর: আলজাজিরা।

শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানায় উদ্দেশ্যে যাচ্ছিল।

বিমানবন্দর ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর এটি নিয়ন্ত্রন কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি বিধ্বস্তের কোনো কারণ এখনও জানানো হয়নি। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৬২ যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ১০ জন শিশু ছিল। তারা সবাই ইন্দোনেশীয়।

পনতিয়ানা বিমানবন্দরে উড়োজাহাজের আরোহীদের উদ্বিগ্ন স্বজনরা শনিবার রাত থেকে অপেক্ষায় রয়েছেন।

তাদের একজন ইয়ামান জাই বলেন, বিমানটিতে তার স্ত্রী ও তিন সন্তান ছিল। স্ত্রী তাকে সন্তানের একটি ছবি পাঠিয়েছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টিফোরডটকম জানিয়েছে, ভূমি থেকে তিন হাজার মিটারের বেশি ওপরে ওঠার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ধ্বংসাবশেষ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *