১০ সে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাস উড়ে গিয়ে অন্তত ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।
রোববার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে গভর্নরের মুখপাত্র গুল ইসলাম জানিয়েছেন। খবর: আলজাজিরা।
আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ হয়েছে। এতে দুই জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে চলেছে। এর শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই ওই স্কুলটির ছাত্রী।
চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে সহিংসতা দ্রুত বাড়তে শুরু করে।
বোমা হামলা/এসকেএম















