শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেয়া হয়নি

২৭ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হয়েছে তা সঠিক নয়। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শুধু জ্ঞান নয়, ধর্ম, নীতিকথা, দক্ষতা, মূল্যবোধ-সঙ্কুচিত নয়, বরং প্রসারিত করার কাজ চলছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন। এর আগে তিনি মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারবিরোধী স্বার্থন্বেষী একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাব্যবস্থা নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

দীপু মনি বলেন, পুরো শিক্ষাব্যবস্থায় জ্ঞান-দক্ষতাকে প্রসারিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে যে মন্তব্য করা হচ্ছে তা একবারেই সঠিক নয়।

তিনি বলেন, সরকারি, আধা সরকারি কিংবা কোন সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে যে আইন রয়েছে, তার নির্দেশনায় পরিচালিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।

আরও পড়ুন: সংসদ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল

তিনি বলেন, আমরা একুশ শতকের উপযোগী শিক্ষার ক্ষেত্রে যে অভীষ্ট লক্ষ্য ঠিক করেছি সেগুলো ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

শিক্ষামন্ত্রী/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ