৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরদিয়া আড়ং বাজার এলাকায় মতলব-বাবুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে বরদিয়া আড়ং বাজার এলাকায় মতলব-বাবুরহাট সড়কে মতলব থেকে চাঁদপুরগামী একটি মাইক্রোবাস এবং চাঁদপুর থেকে মতলবগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ওই অটোরিকশার চালক ৫০ বছর বয়সী মোহাম্মদ জসিম মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ওই অটোরিকশার যাত্রী ২৮ বছর বয়সী হানিফ ব্যাপারী ও ১৮ বছর বয়সী পপি আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওই দুর্ঘটনায় আহত অটোরিকশার আরেক যাত্রী এক বৃদ্ধা মারা যান। তার নাম-ঠিকানা জানা যায়নি।
জানা যায়, নিহত জসিম মোল্লা মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে। নিহত হানিফ ব্যাপারী ও পপি আক্তারের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। এ ঘটনায় আহত ওই মাইক্রোবাসের তিন যাত্রীকে চাঁদপুরের একটি হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার থানায় এখনও মামলা হয়নি।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:













