শিল্পকলার মহাপরিচালককে দুদকে তলব

৬ ডিসেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম এ চিঠি পাঠিয়েছেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় লিয়াকত আলী লাকীকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। চিঠিতে দুই অর্থবছরের বরাদ্দকৃত বাজেট ও ব্যয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর রিরুদ্ধে ঘুস গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়মদুর্নীতির করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের স্বার্থে ওইসব রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। চিঠিতে ওইসব রেকর্ডপত্র সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া চিঠিতে ‘বিষয়টি অতীব জরুরি’ বার্তাটি দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে লেখা হয়েছে।

দুদক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ২ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সে অনুসারে দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।

দেশের জাতীয় সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ প্রতিষ্ঠানে প্রায় এক যুগ ধরে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী।

দুদক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *