০৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। মঙ্গলবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাসটি তার ফুসফুসের ৩৫ শতাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাকে প্লাজমা থেরাপি দিতে হবে। চিকিৎসকরা নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানকে এসব তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমকে আরিয়ান প্রথম অপূর্বের অসুস্থ হওয়ার খবর জানায়। করোনা আক্রান্ত অপূর্বের চিকিৎসার দেখভাল করছেন আরিয়ান।
বৃহস্পতিবার গণমাধ্যমকে আরিয়ান বলেন, বুধবার বিকালে অপূর্ব ভাইকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়। তার শরীর খুবই দুর্বল। কেবিনে তার শারীরিক অবস্থা আবার খারাপ হয়েছে। এ সময় নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপূর্বের প্লাজমা লাগবে।
এর আগে বুধবার আরিয়ান জানিয়েছিলেন, গত কয়েক দিন ধরে জ্বর অনুভব করছিলেন অপূর্ব। এরপর করোনার আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। গত ২ নভেম্বর পজিটিভ ফল আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি হন।
বিনোদন/এসকেএম/আরএম
















Leave a Reply