২৯ অক্টোবর,বিনোদন ডেস্ক: দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞার পর আজ থেকে মুক্ত অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
অক্টোবরের ২৮ তারিখ তার উপর দেওয়া বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির এক বছর শাস্তির মেয়াদ শেষ হয়েছে। কথা রয়েছে আগামি মাস থেকেই মাঠে ফিরবেন সাকিব।
গত বছর ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষ হওয়ার এই আনন্দের সময় সাকিব এখন নিউইয়র্কে। বিদেশে থাকলেও সাকিব এই আনন্দে ফেরার সময়টা ঠিকই উপভোগ করেছেন প্রবাসীদের সঙ্গে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাকিবের সম্মানে গতকাল এক সংবর্ধনার আয়োজন করে নিউইয়র্ক প্রবাসী বাঙালিরা।
ক্রিকেটে ফিরার প্রসঙ্গে সাকিব ওই অনুষ্ঠানে বলেন, ক্রিকেটে ফিরতে হলে আমাকে দ্রুত দেশে ফিরতে হবে। এরপর বিসিবির সঙ্গে বসে সবকিছু ঠিক করবো।
সাকিবের নিষেধাজ্ঞায় থাকাকালে তিন সংস্করণে বাংলাদেশ ম্যাচ খেলেছে মাত্র ১৪টি। এরমধ্য ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। আগে থেকেই কথা ছিল নভেম্বরে যে টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন করা হবে সেটি দিয়েই সাকিব খেলায় ফিরবেন। এতে খেলার কথা রয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজারও।
খেলা/এসকেএম/আর













