একসাথে প্রাণ গেল তিন ভাইয়ের

নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একসাথে তিন ভাই নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় এবং তাদের জেঠাতো ভাই মোহাম্মদ জাহেদ হেসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে তিন ভাই স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেল নিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। অপরজনকে উদ্ধার করে উপজেলার চৌমুহনী বাজারের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার এসএসআই মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বা অন্য কেউ থানাকে অবহিত করেনি।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *