২৩ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): মাদক মামলায় গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌকে এক বছরের আন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
পরে পিয়াসার দেয়া তথ্যে মডেল মরিয়ম আক্তার মৌ-এর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ মৌকে আটক করা হয়। এরপর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।
দুই মডেলকে আটকের পর এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ জানান, মডেল পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে আপত্তিকর’ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন।
মরিয়ম আক্তার মৌ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















