পরিবেশ পদক পাচ্ছেন ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান

১১ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দেশের পরিবেশ উন্নয়নে অসামান্য এবং অনুসরণীয় অবদান রাখার জন্য জাতীয় পরিবেশ পদক ২০২০ প্রদানের জন্য ৩ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় পরিবেশ পদক ২০২০ মনোনয়ন চূড়ান্তকরণের লক্ষ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরির ব্যক্তিগত পর্যায়ে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), সাভার এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরকে মনোনীত করা হয়েছে। এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কনকর্ড রেডিমিক্স অ্যান্ড কনক্রিট প্রোডাক্টস লিমিটেড ও কনকর্ড প্রি-স্ট্রেসড কনক্রিট এন্ড ব্লক প্লান্ট লিমিটেড কনকর্ড সেন্টারকে মনোনীত করা হয়েছে।

পরিবেশগত শিক্ষা ও প্রচার ক্যাটাগরির ব্যক্তিগত পর্যায়ে খ্যাতিমান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর সালীমুল হককে মনোনীত করা হয়েছে। এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এছাড়া, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরির ব্যক্তিগত পর্যায়ে ডক্টর জহুরুল করিম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ভর্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, দেশে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিবেশ ও বৃক্ষের কল্যাণে প্রশংসনীয় কাজ করে চলেছেন।

তিনি বলেন, অধিকাংশ মানুষ যেখানে সাময়িক ব্যক্তি স্বার্থে নির্বিচারে বৃক্ষ নিধন করে চলেছে, সেখানে ওয়াহিদ আলী সরদারের মতো মানুষ গাছের প্রতি দয়া পরবশ হয়ে হাজার হাজার গাছ থেকে পেরেক ওঠানোর কাজ করছেন।

মন্ত্রী বলেন, নিরবে কাজ করে যাওয়া এসব মানুষকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ভবিষ্যতে পুরস্কারের পরিমান বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, মন্ত্রণালেয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (পরিবেশ) মোহাম্মদ মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর একেএম রফিক আহাম্মদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ কমিটির অন্যা সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রতিটি ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও অতিরিক্ত আরও পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।

জাতীয় পরিবেশ পদক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *