আন্তর্জাতিক ডেস্ক: সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল বারসাতুর সভাপতি মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এমএসিসি এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে কোভিড-১৯ মহামারির ধাক্কা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার পদক্ষেপের অংশ হিসেবে বুমিপুতেরা ঠিকাদারদের ক্ষমতায়নের বিষয়ে সরকারি অর্থনৈতিক কর্মসূচির (জন উইবাওয়া) তহবিলের অপব্যবহারের অভিযোগ রয়েছে মুহিউদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে সাক্ষ্য দিতে বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটে এমএসিসি সদর দফতরে পৌঁছান মুহিউদ্দিন। সে সময় মুহিউদ্দিনের সাথে তার আইনজীবী কে কুমারেন্দ্রানও ছিলেন। সেখানে কয়েক ঘণ্টা ধরে জবানবন্দি দেয়ার পর স্থানীয় সময় দুপুর ১টার দিকে মুহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।
এমএসিসি জানিয়েছে, শুক্রবার কুয়ালালামপুর আদালতে পাগোহের এমপি মুহিউদ্দিনের বিরুদ্ধে মামলা করার জন্য অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে অনুমোদন দেয়া হয়েছে।
এমএসিসির বিবৃতিতে বলা হয়, মুহিউদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হতে পারে।
এদিকে বিরোধী দল বারসাতুর ব্যাংক হিসাব জব্দ করতে এমএসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি আবেদন জানিয়েছে দলটি। মেসার্স চেতন জেথওয়ানি অ্যান্ড কোম্পানির মাধ্যমে দলটি বুধবার হাইকোর্টে বিচারবিভাগীয় পর্যালোচনার আবেদন করে। দলটি দাবি করেছে, আইন প্রয়োগকারী এজেন্সির এই সিদ্ধান্ত একটি অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।
বারাসাতুর আবেদনে এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি, তদন্ত বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিশামুদ্দিন হাশিম, এন্টি মানি লন্ডারিং বিভাগের পরিচালক মোহাম্মদ জামরি জয়নুল আবেদিন, অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি দাউদসহ সরকারের আরও ১৩ জন কর্মকর্তাকে বিবাদী করা হয়।
মালয়েশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply