৩১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা ১১টা থেকে শুরু হবে অধিবেশন।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্প সময়ের জন্য হবে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এবারের অধিবেশন ৫ বা ৬ কার্যদিবস চলতে পারে।
করোনা মহামারি পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। ফলে এবারও সাংবাদিকদের বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।
ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও সে অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৬টি নোটিশ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ২৮টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১ হাজার ৬৮৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০টি প্রশ্ন সম্পর্কে তারা উত্তর দেন।
সংসদ অধিবেশন/এসকেএম/আরএম












Leave a Reply